ভোটার আইডি ও বায়োমেট্রিক্সেই মিলবে সরকারি প্রকল্পের সব সুবিধা!
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীব রঞ্জন সিং (লাল্লান সিং) সম্প্রতি আধার কার্ডের উপযোগিতা নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, ভবিষ্যতে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের অর্থ প্রদানের ক্ষেত্রে আধার নম্বরের পরিবর্তে ভোটার আইডি (EPIC) এবং বায়োমেট্রিক্স ব্যবহার করা হবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের আয়োজিত ‘পিপলস প্ল্যান ক্যাম্পেইন ২০২৬-২৭’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে সহজে নকল আধার কার্ড তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় এই ব্যবস্থার পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, পশুপালন, দুগ্ধ ও মৎস্য মন্ত্রকের কিছু প্রকল্পে সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে অর্থ প্রেরণের জন্য এতদিন আধার বাধ্যতামূলক থাকলেও, নতুন ব্যবস্থায় ভোটার আইডির ওপর জোর দেওয়া হবে। একইসঙ্গে, তিনি দেশের পঞ্চায়েতগুলিকে স্বনির্ভর ও উন্নত করে তুলতে নিজেদের রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে কর্মদক্ষতা অনুদানে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে পিএম-কিষাণ, আবাস যোজনা এবং বিভিন্ন পেনশন প্রকল্পের মতো জনকল্যাণমূলক কার্যক্রমে আধার লিংকসহ বিভিন্ন দিক আলোচিত হয়।