‘পুলিশের দুর্বল চিত্রনাট্য!’ ডায়মন্ড হারবারে তৃণমূলের কার্যালয় থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক অভিষেক
ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনাকে ‘পুলিশের সাজানো চিত্রনাট্য’ বলে দাবি করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ডায়মন্ড হারবারের আইসি-র কালো এক্সইউভি ৩০০ গাড়িতে করেই ওই টাকা নিয়ে গিয়ে সেখানে রাখা হয়েছিল। তিনি জানান, গত মে মাসে বিজেপির তাণ্ডবের পর কার্যালয়টির মালিককে চাবি ফিরিয়ে দিয়ে পুলিশকে ইমেইল মারফত সতর্ক করা হয়েছিল যে কিছু ষড়যন্ত্রমূলকভাবে রাখা হতে পারে।
কালীঘাটে এক সংবাদ সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সাড়ে পাঁচ মাস আগে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত একটি স্থান থেকে হঠাৎ টাকা উদ্ধারের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাটির পেছনে ডায়মন্ড হারবারের এসপি এবং আইসি-র পরিকল্পিত হাত রয়েছে দাবি করে তিনি এর সিসিটিভি ফুটেজ তাঁর কাছে থাকার কথা জানান। পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।