শীতের আগে বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গ নিয়ে নতুন পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নভেম্বর মাস শুরু হলেও রাজ্যে এখনও সেভাবে জাঁকিয়ে শীত পড়েনি, তবে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং উপকূলের কয়েকটি জেলাসহ কলকাতার কিছু অংশে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত আকাশ মূলত শুষ্ক ও পরিষ্কার থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলাগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা হ্রাসের ফলে শীতের আমেজ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।