উৎসবের মরশুমে বড় সুখবর! কেন্দ্র থেকে এক ধাক্কায় বাংলায় এল ৭৮৬৬ কোটি টাকা

উৎসবের মরশুমে কেন্দ্রীয় করের ভাগ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে এসেছে ৭৮৬৬ কোটি টাকা। গত ৫ নভেম্বর দেশের ২৮টি রাজ্যের জন্য ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা ছাড় করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সাধারণত প্রতি মাসের ১০ তারিখে এই অর্থ দেওয়া হলেও, রাজ্যগুলির আর্থিক সুবিধার কথা মাথায় রেখে এ বার নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই তা প্রদান করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, এই দফায় সবচেয়ে বেশি ১৯ হাজার ২০৮ কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে থাকা বিহার পেয়েছে ১০ হাজার ৮৪৫ কোটি টাকা এবং ৮০১০ কোটি টাকা পেয়ে তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। চতুর্থ স্থানে থাকা পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র পেয়েছে ৭০২২ কোটি টাকা।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, এটি কোনও বিশেষ আর্থিক প্যাকেজ নয়, বরং নিয়মিত মাসিক কিস্তির টাকা ৫ নভেম্বর অগ্রিম প্রদান করা হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবরও সমপরিমাণ অর্থ রাজ্যগুলিকে দেওয়া হয়েছিল, যার ফলে কয়েক দিনের ব্যবধানে মোট ২ লক্ষ ১৮ হাজার ৩৮ কোটি টাকা ছাড়া হয়েছে। উৎসবের এই মরশুমে কেন্দ্রীয় করের ভাগ আগাম হাতে আসায় পরিকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং বিভিন্ন নাগরিক পরিষেবা খাতে খরচ করতে বাড়তি সুবিধা পাবে রাজ্যগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *