ফেসবুকে রিলস দেখে আড়াই গ্রাম সোনা কেনেন যুবক, বাড়িতে গয়না ঢুকতেই যা ঘটল!

 

সোনা কেনায় জালিয়াতির অভিযোগ, বারুইপুরের জুয়েলার্সে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: সোনার ওজন ও বিশুদ্ধতা নিয়ে প্রতারণার অভিযোগে বারুইপুরের ‘ব্যাঙ্গালোর জুয়েলার্স’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। হুগলির খানাকুলের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দোকানে গিয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

ভুক্তভোগী ক্রেতার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে তিনি ওই দোকান থেকে সোনা কেনেন। বিল অনুযায়ী সোনার ওজন ২.৫৫০ গ্রাম হওয়ার কথা থাকলেও, সন্দেহ হওয়ায় বাইরে পরীক্ষা করাতে গিয়ে তিনি দেখেন সোনার প্রকৃত ওজন মাত্র ১.১৪০ গ্রাম। শুধু ওজনে কারচুপিই নয়, বিলের খাতায় হলমার্ক চার্জ নেওয়া হলেও কেনা গয়নায় হলমার্কের কোনো চিহ্ন ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়া ২২ ক্যারেট সোনা বলে বিক্রি করলেও, তা নির্ধারিত মানের নয় বলেও ভুক্তভোগীর দাবি।

ভুক্তভোগী ক্রেতা জানান, গয়না কেনার পর পরিবারের সদস্যদের সন্দেহের জেরে তিনি সেটি গলিয়ে পরীক্ষা করান। এরপরই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। দীর্ঘদিনের এই প্রতারণা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে ব্যাঙ্গালোর জুয়েলার্সের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট এলেই সোনা কেনাবেচায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *