পুরসভা নির্বাচন নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ, কবে ভোট?
কলকাতা ও হাওড়া পুরভোট নিয়ে অনিশ্চয়তা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে স্থগিতাদেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কলকাতা ও হাওড়া পুরভোটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হলো নতুন অনিশ্চয়তা। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।
কসবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাসের দায়ের করা ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলাটি প্রথমে হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে ওঠে। সেই সময় সিঙ্গল বেঞ্চ কোনো অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে উভয় পক্ষের কাছে হলফনামা তলব করেছিল। সিঙ্গল বেঞ্চের সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
এই সংক্রান্ত শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে, ওয়ার্ড পুনর্বিন্যাসের বিষয়ে কলকাতা পুর কমিশনারের মতামত প্রয়োজন। কিন্তু বর্তমানে পুরসভায় প্রশাসক থাকায়, প্রশাসক এককভাবে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত জানাতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। ভ্যাকেশন বেঞ্চ চলায় বর্তমান পরিস্থিতিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে ডিভিশন বেঞ্চের মন্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়া সঠিক ছিল কি না, তা আগে সিঙ্গল বেঞ্চই নির্ধারণ করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কমিশন এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছিল, তবে তার কোনো নির্দিষ্ট কারণ দর্শানো হয়নি। আইন অনুযায়ী, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে বা ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে গেলে নতুন কোনো নাম সংযোজন বা বিয়োজন সম্ভব হয় না। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশের ফলে আপাতত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখতে হচ্ছে কমিশনকে।
আদালতের এই পর্যবেক্ষণের ফলে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা আরও দীর্ঘায়িত হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো নতুন বিজ্ঞপ্তি জারি করতে পারবে না কমিশন, যা পুরভোটের প্রক্রিয়াকে কার্যত থমকে দিল।