অসুস্থতাই কি বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে? ঝাড়খণ্ড হাইকোর্টের যুগান্তকারী রায়!
বার্তা ডেস্কঃ
স্ত্রীর মানসিক অসুস্থতার অভিযোগ তুলে প্রাক্তন এক সিআইএসএফ জওয়ানের করা বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, দাম্পত্য জীবনে সুখ-দুঃখ এবং কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানোই স্বামী-স্ত্রীর মূল দায়িত্ব। স্ত্রীর মানসিক অসুস্থতার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় বিচারপতি সুজিত নারায়ণ প্রসাদ এবং বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ চাতরা ফ্যামিলি কোর্টের আগের নির্দেশই বহাল রেখেছে।
২০১৬ সালে বিবাহিত ওই দম্পতির একটি ছেলেও রয়েছে। স্বামীর অভিযোগ ছিল, স্ত্রী অস্বাভাবিক আচরণ করতেন এবং বিয়ের আগে তাঁর অসুস্থতার কথা গোপন করা হয়েছিল। অন্যদিকে, স্ত্রী ৫ লক্ষ টাকা পণের দাবিতে হেনস্থার পাল্টা অভিযোগ তোলেন। আদালত জানায়, স্বামী বা তাঁর সাক্ষীরা অভিযোগের সপক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ বা বিশেষজ্ঞের নিশ্চিত রিপোর্ট পেশ করতে পারেননি। উল্টোদিকে, রাঁচির রিনপাসের মেডিক্যাল বোর্ড পরীক্ষায় মহিলার মধ্যে মানসিক অসুস্থতার কোনও লক্ষণ পায়নি এবং তিনি সংসারে ফিরতেও রাজি আছেন।