নটরাজ মন্দিরের নিয়ন্ত্রণ হাতছাড়া হচ্ছে না দীক্ষিতারদের, সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি!

বার্তা ডেস্কঃ

তামিলনাড়ুর ঐতিহ্যবাহী চিদম্বরমের শ্রী নটরাজ মন্দির পরিচালনার দায়িত্ব পাঁচ সদস্যের ট্রাস্ট বোর্ডের হাতে তুলে দেওয়ার যে নির্দেশ মাদ্রাজ হাইকোর্ট দিয়েছিল, তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। মন্দিরের বংশানুক্রমিক পূজারি গোষ্ঠী ‘পোতু দীক্ষিতার’-দের আবেদনের ভিত্তিতে দেশের শীর্ষ আদালত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ২০২২ সালে মন্দিরের পবিত্র ‘কনকসভা’য় ভক্তদের প্রবেশ ও বিশেষ পুজো ঘিরে বিতর্কের সূত্রপাত ঘটে। ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দীক্ষিতাররা আদালতের দ্বারস্থ হলে মাদ্রাজ হাইকোর্ট সরকারের পক্ষেই রায় দেয়। শুধু তাই নয়, মন্দির প্রাঙ্গণে বেআইনি কাঠামোগত পরিবর্তন ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে একটি নতুন প্রশাসনিক বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন দীক্ষিতাররা। তাঁদের আইনজীবী যুক্তি দেন, ২০১৪ সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দীক্ষিতাররা একটি স্বতন্ত্র ধর্মীয় সম্প্রদায় এবং মন্দির পরিচালনার আইনি অধিকার একমাত্র তাঁদেরই। পাশাপাশি, কাঠামোগত পরিবর্তনের অভিযোগ খণ্ডন করে নিয়মিত অডিট রিপোর্টের কথাও আদালতের সামনে তুলে ধরা হয়। অন্যদিকে, রাজ্য সরকার ঐতিহ্যবাহী কাঠামোর ক্ষতির যুক্তি দেখালেও সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, এর পেছনে দীক্ষিতাররাই দায়ী— এমন নিশ্চিত প্রমান সরকারের কাছে আছে কি না। উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে শীর্ষ আদালত মাদ্রাজ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ বহাল রেখে দীক্ষিতারদের হাতেই মন্দিরের পরিচালন ক্ষমতা সাময়িকভাবে বজায় রাখল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *