লাইনের ঝামেলা শেষ, মালদা রেল স্টেশনে এখন সবটাই সহজ!

 

মালদা ডিভিশনে যাত্রী পরিষেবায় নতুন উদ্যোগ, আরও ৯টি এটিভিএম চালু করল রেল

নিজস্ব প্রতিবেদক, মালদা: উৎসবের মরশুমে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল পূর্ব রেলের মালদা ডিভিশন। ডিভিশনের বিভিন্ন স্টেশনে আরও ৯টি নতুন অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (ATVM) বসানো হয়েছে। এর ফলে এখন মোট ৪১টি মেশিনের মাধ্যমে যাত্রীরা দ্রুত টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেল সূত্রে জানা গেছে, নতুন এই মেশিনগুলোর মধ্যে ভাগলপুর স্টেশনে তিনটি, সাহেবগঞ্জ ও নিউ ফারাক্কা স্টেশনে দুটি করে এবং জামালপুর ও বারহরওয়া স্টেশনে একটি করে মেশিন বসানো হয়েছে। মালদা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিংহের তত্ত্বাবধানে এই পরিষেবা চালু করা হয়েছে।

রেল কর্তৃপক্ষের দাবি, নতুন এই মেশিনগুলো চালু হওয়ায় টিকিট কাউন্টারের ওপর যাত্রীদের নির্ভরশীলতা কমবে এবং সময় বাঁচবে। মেশিন পরিচালনার সুবিধার্থে সংশ্লিষ্ট স্টেশনগুলোতে ফেসিলিটেটরও মোতায়েন করা হয়েছে।

এই মেশিনগুলোতে ইউপিআই (UPI) সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্টের সুবিধা যুক্ত করা হয়েছে, যার ফলে যাত্রীরা নগদ টাকা ছাড়াই দ্রুত টিকিট কাটতে পারবেন। যাত্রী পরিষেবাকে প্রযুক্তি নির্ভর ও আরও উন্নত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালদা ডিভিশনের মনিশ কুমার গুপ্তা। রেলের এই নতুন ব্যবস্থার ফলে উৎসবের মরশুমে যাত্রীদের টিকিট কাটার জটিলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *