অভিষেকের জন্মদিনে কালীঘাটে হামলা ও তুলকালাম, ‘হত্যার চক্রান্ত’ অভিযোগ তৃণমূল সাংসদের

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, রাত ২টো নাগাদ বিজেপির একদল সমর্থক আচমকাই উপস্থিত হয়ে জন্মদিনের ব্যানার-কাটআউট ভাঙচুর করে ও স্লোগান দেয়। বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ইট ছোড়াছুড়ি শুরু হয়, যাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের বাড়ির সামনেই অবস্থান-বিক্ষোভে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পেরেক বসানো লাঠি দিয়ে বিজেপি বাহিনী আক্রমণ চালিয়েছে এবং তাঁকে প্রাণনাশের চক্রান্ত করা হয়েছে। তিনি আরও জানান, হামলার আশঙ্কার কথা জানিয়ে দু’দিন আগেই লোকসভার স্পিকারকে ট্যাগ করে বার্তা দিয়েছিলেন। পরবর্তীতে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে তিনি বিক্ষোভ তুলে নেন। অন্যদিকে, বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *