‘আমার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই, কত পরীক্ষায় বসতে হবে বলবেন, বসব’! পুরভোট নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না বলে জানিয়েছে হাই কোর্ট। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, নাগরিক পরিষেবা ব্যাহত হতে দেওয়া যায় না এবং তিনি বিকল্প ব্যবস্থা ভেবে নিয়েছেন। শুক্রবার রাতে উত্তর কলকাতার একটি কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, আদালতের আইনি লড়াইয়ের পাশাপাশি সরকার বিকল্প পথে হাঁটবে। তিনি ঘোষণা করেন, ৩০ নভেম্বরের পর কলকাতার প্রতিটি ওয়ার্ডে পুর আইন মেনেই কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে, যাতে সাধারণ মানুষের জল, রাস্তাঘাট ও সাফাইয়ের মতো জরুরি পরিষেবাগুলি কোনওভাবেই আটকে না থাকে।

বিরোধীদের তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে জয়ের সম্ভাবনা না থাকায় বিরোধীরা আদালতে গিয়ে পুরভোট আটকাতে চাইছে। তাঁর দাবি, বিরোধীদের যেমন প্রার্থী নেই, তেমনই ভোটারও নেই। কিন্তু সরকারের পক্ষে মানুষের পরিষেবা দীর্ঘদিন বন্ধ রাখা সম্ভব নয়। কো-অর্ডিনেটরদের মাধ্যমেই প্রশাসন সমস্ত কাজ চালিয়ে নিয়ে যাবে বলে তিনি দৃঢ় বার্তা দেন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরও মন্তব্য করেন, ‘‘আমার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। অনেক পরীক্ষায় বসেছি। যত পরীক্ষায় বসতে হবে, বলবেন, আমি রাজি আছি।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *