বর্ষীয়ান নাগরিকদের জন্য সলমনের বড় ধামাকা, মাত্র ১১ টাকায় দেখা যাবে ‘মাতৃভূমি’!
দীর্ঘ এক বছরের নানা আইনি ও সেন্সর সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে সলমন খানের বহুল প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই ছবিটি। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বর্ষীয়ান নাগরিকদের জন্য এক বিশেষ উপহারের কথা ঘোষণা করেছেন অভিনেতা। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী, আসমুদ্রহিমাচলের যে সমস্ত প্রবীণ নাগরিকদের বয়স ৭৫ বছর বা তার বেশি, তাঁরা মাত্র ১১ টাকার বিনিময়ে সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
মায়ানগরীতে সলমন খানের মেজাজ ও স্বভাব নিয়ে নানা বিতর্ক থাকলেও, প্রবীণ ও দুস্থ মানুষের প্রতি তাঁর মানবিক উদ্যোগ ফের নজর কেড়েছে। অতীতে বিভিন্ন সময় সামাজিক কাজ ও দুস্থদের পাশে দাঁড়িয়ে নিজের উদারতার পরিচয় দিয়েছেন ভাইজান। চলচ্চিত্র জগতের সিনিয়র সদস্য ও প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান জানিয়ে ‘মাতৃভূমি’ মুক্তির মুখে তাঁর এই অভিনব টিকিট ছাড়ের ঘোষণা প্রকাশ্যে আসতেই অনুরাগী ও সাধারণ মানুষের প্রশংসায় ভেসে যাচ্ছেন এই বলিউড সুপারস্টার।