হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, পেলেন হনুমান চালিশা উপহার
মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে জাঁকজমকপূর্ণভাবে দীপাবলি উদযাপন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট প্রশাসনের শীর্ষস্থানীয় ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। ওই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট উদ্যোগপতি বিশাল গোন্ডাল মার্কিন প্রেসিডেন্টের হাতে একটি ‘হনুমান চালিশা’ তুলে দেন, যা লক্ষ লক্ষ ভারতবাসীর কাছে ভক্তি ও শক্তির প্রতীক। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে অংশ নেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, শেফ বিকাশ খন্না, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল এবং ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য। এছাড়া মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ও সোশ্যাল সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদিও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মার্কিন প্রশাসনের অন্দরে দীপাবলি উদযাপনের এই ঐতিহ্যবাহী ধারাটি শুরু হয়েছিল ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে। ঐতিহাসিক এই প্রথা মেনে প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সাল থেকে হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির আয়োজন শুরু করেন। দীর্ঘদিনের এই পরম্পরা বজায় রেখে এ বছরের ওভাল অফিসের দীপাবলি উদযাপন ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক মুহূর্ত হিসেবে চিহ্নিত হলো।