পেট্রোল নয় ইথানল! মোদী সরকারকে বিঁধে ‘ই-২০ এখন ৪২০’ বলে বিস্ফোরক রাহুল

কর্নাটক সরকারের এনএবিএল স্বীকৃত ল্যাব টেস্টে পেট্রলে নির্ধারিত ২০ শতাংশের পরিবর্তে ২৬ থেকে ৩১ শতাংশ পর্যন্ত ইথানল মেলার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বেঙ্গালুরুসহ ৭টি জেলা থেকে নেওয়া ১৪টি নমুনার মধ্যে ১১টিতেই সরকারি ও বেসরকারি সংস্থাগুলির অতিরিক্ত ইথানল মেশানোর প্রমাণ মিলেছে বলে দাবি রাজ্য সরকারের। এই ল্যাব রিপোর্ট সামনে এনে সোশাল মিডিয়ায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, “ই-২০ এখন ৪২০ হয়ে গিয়েছে।” তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের অজান্তেই গাড়ি থেকে পেট্রল চুরি করা হচ্ছে, যার ফলে মাইলেজ কমছে এবং গাড়ির ক্ষতি হচ্ছে। একই সঙ্গে এই অনিয়মের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, রাহুলের এই বিস্ফোরক অভিযোগের পর বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই পাল্টা সাফাই দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। আইওসিএল, বিপিসিএল ও এইচপিসিএল যৌথ বিবৃতিতে জানিয়েছে, সরকারি নিয়ম মেনেই পেট্রলে ১৯ থেকে ২১ শতাংশ ইথানল মেশানো হচ্ছে। কর্নাটকে সংগৃহীত ৫৬টি নমুনায় গড় ইথানল ১৯.৩০ শতাংশ পাওয়া গিয়েছে দাবি করে সংস্থাগুলির বক্তব্য, রাজ্য সরকারের পরীক্ষা পদ্ধতি ২০০৫ সালের মোটর স্পিরিট নিয়ন্ত্রণ আইন মেনে করা হয়নি এবং সেখানে তেল সংস্থার কোনও প্রতিনিধি ছিলেন না। দেশজুড়ে পরীক্ষা করা ৮৯৩টি নমুনাই নির্ধারিত সীমার মধ্যে রয়েছে বলে দাবি করে দুর্নীতির সমস্ত অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে তেল সংস্থাগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *