তৃণমূলের অন্দরে বড় ভাঙন, দল ছেড়ে এনসিপিআই-এ যোগ দিলেন ১২ সদস্য!
তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিলেন দেগঙ্গার ১২ পঞ্চায়েত সদস্য
নিজস্ব প্রতিবেদক, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের অন্দরে বড়সড় ভাঙন। হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ জন সদস্য দলবদল করে এনসিপিআই (NCPI)-তে যোগদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মোট ১৮ জন সদস্যের মধ্যে ১২ জন তৃণমূল ছেড়ে এনসিপিআই-এর পতাকা তুলে নিয়েছেন। এই দলবদলের ফলে রাজনৈতিকভাবে এনসিপিআই-এর শক্তি অনেকটা বৃদ্ধি পেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সামনে পৌরভোট। ঠিক এমন একটি সময়ে শাসকদলের এই ভাঙনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে ১২ জন সদস্যের দলত্যাগ আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।