নার্সিংহোমের জানালা দিয়ে সদ্যোজাতকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় নাবালিকা মা!
নার্সিংহোমের বাথরুমের জানলা দিয়ে সদ্যোজাতকে ছুঁড়ে ফেলার অভিযোগ, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদন: হাওড়ার এক নার্সিংহোমে পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়া এক নাবালিকার বিরুদ্ধে সদ্যোজাত সন্তানকে বাথরুমের জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ভর্তি হওয়ার পর শনিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর ষোলোর ওই নাবালিকা শুক্রবার গভীর রাত ১টা নাগাদ পেটে তীব্র ব্যথা নিয়ে ভর্তি হয়। নাবালিকার পরিবারের দাবি, তাদের মেয়ে যে অন্তঃসত্ত্বা ছিল, সে বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। মেয়ের পেটে ব্যথার কারণেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে তারা জানিয়েছেন।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার সকালে নাবালিকাটি সুস্থ অবস্থাতেই নিজে হেঁটে বাথরুমে যায়। চিকিৎসক সুচেতা মুখোপাধ্যায় জানান, বাথরুমের ভেতরেই ওই নাবালিকা গোপনে সন্তান প্রসব করে এবং প্রসবের তথ্য গোপন করতে সদ্যোজাতকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক যুবক জানান, বাইরে কাজ করার সময় তিনি হঠাৎ কিছু পড়ার শব্দ পান। কাছে গিয়ে দেখেন একটি সদ্যোজাত শিশু মাটিতে পড়ে রয়েছে। খবর পেয়ে নার্সিংহোমের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে অত্যন্ত অমানবিক ও অপরাধমূলক বলে অভিহিত করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
গোটা ঘটনার সত্যতা যাচাই করতে এবং ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।