সপ্তম বেতন কমিশন নিয়ে নবান্নের বড় ঘোষণা!

 

নয়া পে কমিশনের আওতায় সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাকর্মীরাও

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নয়া পে কমিশনের আওতায় আনার বিষয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটল। শুক্রবার নবান্নের অর্থ দফতরের অডিট শাখার পক্ষ থেকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাকর্মীরা সকলেই এখন থেকে নয়া বেতন কমিশনের সুবিধা পাবেন। রাজ্যপালের সম্মতিক্রমে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্রের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই প্রকাশিত সরকারি তালিকায় রাজ্যের প্রায় ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের অশিক্ষক কর্মীদের নতুন বেতন কমিশনের সুবিধা থেকে বাদ রাখা হয়েছিল। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল। শিক্ষক ও পদস্থ আধিকারিকরা নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত থাকলেও অশিক্ষক কর্মীদের বঞ্চিত রাখা নিয়ে প্রশ্ন উঠছিল।

অবশেষে নতুন নির্দেশিকায় সেই জটিলতা দূর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত সব স্তরের কর্মীরাই এখন থেকে নয়া পে কমিশনের আওতাভুক্ত হলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *