‘আমার কালীপুজোয় কাউকে আসতে দেবে না!’ অভিষেকের বাড়ি ঘিরে তাণ্ডবের পর রুখে দাঁড়ালেন মমতা
জন্মদিনের রাতে কালীঘাটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দু’পক্ষের ইটবৃষ্টি ও লাঠি-বাঁশের লড়াইয়ে আহত হন অন্তত সাতজন। ঘটনাকে কেন্দ্র করে রাতভর অবস্থানে বসেন অভিষেক। সকালে সেখানে পৌঁছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ ও বিজেপি চক্রান্ত করে তাঁর কালীপুজোর সময় রাস্তা আটকে বেআইনিভাবে পুজো করছে, যাতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা তাঁর বাড়ির পুজোয় না পৌঁছতে পারেন।
কালীঘাট রোডে দাঁড়িয়ে মমতা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান, গুন্ডাগিরি সহ্য করব না।’ রাত তিনটের সময় হামলার ঘটনায় গণতন্ত্রের অবক্ষয় ও পুলিশ প্রশাসনের অতিসক্রিয়তার বিরুদ্ধে তিনি সরব হন। কালীঘাট থানার ওসির বিরুদ্ধে অভিষেকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ এনে তিনি জানান, চরম সীমানা পার করলে প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। একই সাথে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে দেশের বঞ্চিত মানুষ ও মহিলাদের অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার তীব্র আহ্বান জানান মমতা।