‘E20-র নামে ৪২০!’ পেট্রোলে মাত্রাতিরিক্ত ইথানল মেশানোর অভিযোগে তোপ রাহুল গান্ধীর
দেশের বাজারে সরবরাহ করা E20 পেট্রোলে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে ইথানল মেশানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কর্ণাটকের সাতটি জেলা থেকে সংগৃহীত ১৪টি পেট্রোলের নমুনার মধ্যে ১১টিতেই ২০ শতাংশের বেশি ইথানল মেলার দাবি করেছেন তিনি। তাঁর পোস্ট করা ল্যাব রিপোর্টে ইন্ডিয়ান ওয়েল (IOCL) ও হিন্দুস্তান পেট্রোলিয়ামে (HPCL) যথাক্রমে ৩১.২ এবং ৩০.৫ শতাংশ পর্যন্ত ইথানল পাওয়ার তথ্য উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের নীতিকে নিশানা করে রাহুলের কটাক্ষ, “E20 এখন ৪২০-তে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে।” কর্ণাটক সরকারের শ্রীরাম রিসার্চ ইনস্টিটিউটের স্বাধীন পরীক্ষাতেও নির্ধারিত সীমার অতিরিক্ত ইথানলের উপস্থিতি ধরা পড়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে তেল বিপণন সংস্থাগুলি কর্ণাটক সরকার ও রাহুলের তোলা এই গুরুতর অভিযোগ একযোগে অস্বীকার করেছে। রাষ্ট্রায়ত্ত তিন সংস্থা IOCL, BPCL এবং HPCL যৌথ বিবৃতি দিয়ে দাবি করেছে, দেশে সরবরাহ করা সমস্ত E20 পেট্রোল ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’-এর নির্ধারিত মান মেরেই তৈরি হয়। নমুনা সংগ্রহের সময় তাদের প্রতিনিধি অনুপস্থিত থাকা এবং পরীক্ষার সঠিক প্রযুক্তিগত পদ্ধতি না মেনে রিপোর্ট তৈরি করা নিয়ে উল্টে প্রশ্ন তুলেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। তবে তেল সংস্থাগুলির এই সাফাই সত্ত্বেও সাধারণ গাড়ির ট্যাঙ্কে আসলে কী জ্বালানি ভরা হচ্ছে এবং অতিরিক্ত ইথানল মেশানো সংস্থাগুলির বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী।