ভুয়ো ডাক্তারদের এবার নিস্তার নেই, ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের নথি যাচাইয়ে নামছে রাজ্য!
জাল চিকিৎসক রুখতে রাজ্যে শুরু হচ্ছে ‘নো ইওর ডক্টর’ পদ্ধতি
চিকিৎসা পরিষেবায় স্বচ্ছতা ফেরাতে ও জাল চিকিৎসকদের দৌরাত্ম্য রুখতে রাজ্যের সমস্ত চিকিৎসকের নথি পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নিবন্ধিত প্রায় ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও শংসাপত্র নতুন করে খতিয়ে দেখা হবে। সাধারণ মানুষের সুবিধার্থে এই ‘নো ইওর ডক্টর’ (KYD) যাচাইকরণ পদ্ধতি চালু করা হচ্ছে। ১৯৯৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তালিকাভুক্ত সকল চিকিৎসকের তথ্য এই প্রক্রিয়ায় যাচাই করা হবে।
নথি যাচাইয়ের ক্ষেত্রে চিকিৎসকদের জন্য সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইন ভিডিও কনফারেন্সের সুবিধাও রাখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য চিকিৎসা পরিষেবাকে ত্রুটিমুক্ত করা। মৃত, বিদেশে বসবাসরত বা পেশার সঙ্গে যুক্ত নন এমন চিকিৎসকদের নাম তালিকা থেকে বাদ দিয়ে ডেটাবেস নির্ভুল করা হবে। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বর্তমান রেজিস্ট্রেশন সার্টিফিকেটই বৈধ থাকবে বলে আশ্বস্ত করেছে দফতর। চিকিৎসকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য প্রশাসন।