সিনে আমার নাতির এন্ট্রি, শিশিরের দায়িত্ব কার কাঁধে?

 

দায়িত্বভার নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন শিশির অধিকারী, মা ভবতারিণীর পুজোয় এবার নাতি দেবদীপ

কাঁথি: কাঁথির প্রখ্যাত মা ভবতারিণী মন্দিরে দীর্ঘদিনের প্রথা মেনে এবার আর সংকল্প করতে দেখা গেল না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীকে। বার্ধক্যজনিত কারণে এবার থেকে পুজোর যাবতীয় দায়িত্বভার তিনি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার কালীপুজোর আগের দিন শিশির অধিকারীর পরিবর্তে এই মন্দিরে সংকল্প করলেন তাঁর নাতি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী।

প্রতি বছরই কালীপুজোর প্রাক্কালে অধিকারী পরিবারের সদস্যরা মা ভবতারিণীর পুজোয় অংশ নেন। দীর্ঘ বছর ধরে শিশির অধিকারী নিজে ব্রত পালন করে এই মন্দিরে সংকল্প করে আসছিলেন। তবে এবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেই দায়িত্ব নাতি দেবদীপের ওপর ন্যস্ত করেছেন।

এদিন মন্দিরে উপস্থিত হয়ে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, “আমি বহু বছর ধরে ব্রতী ও সংকল্পে থাকতাম। কিন্তু এখন আর আগের মতো শারীরিক ধকল নিতে পারি না। তাই এবার আমার নাতি এই দায়িত্ব নিল। আগামী প্রজন্মের কাছে আমাদের ধর্মের শিক্ষার পাঠ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, শক্তির আরাধনার মাধ্যমে সমাজে অশুভ শক্তির বিনাশ কামনাই তাঁদের লক্ষ্য।

অন্যদিকে, রাজ্যে নারী নিরাপত্তা ও ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা নিয়েও এদিন সরব হন শিশির অধিকারী। সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “রাজ্যে যেভাবে নাবালিকা ও নারীদের ওপর নৃশংস অত্যাচার চালানো হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের। এই ধরনের ঘটনার কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। মেয়েদের গায়ে হাত তোলার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।”

এদিন মন্দিরে দেবদীপ অধিকারীর পাশে পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা যায়। বয়সের ভারে রাজনীতির পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠানের ক্ষেত্রেও শিশির অধিকারী যে এবার ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, তা তাঁর এই পদক্ষেপ থেকেই স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *