বামেরা বাংলাদেশে চলে যাক! দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজনীতি
বামেদের কড়া ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের: ‘বাংলাদেশে চলে যাক’
নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ: বামেদের বুক স্টল বিতর্ক নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বামপন্থীদের তীব্র কটাক্ষ করে বলেন, বামেদের বুক স্টলে এখন আর কেউ বই পড়ে না, এগুলো কেবল ‘মিউজিয়াম’ হয়ে রয়ে গেছে।
বুক স্টলে বাধা প্রদানের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কেউ বাধা দেয়নি। নিজেরা গন্ডগোল পাকিয়ে খবরে আসার চেষ্টা করছেন।” তাঁর মতে, বামপন্থীদের আদর্শ এখন অপ্রাসঙ্গিক এবং সাধারণ মানুষ তাঁদের বই পড়ে না। তিনি আরও বলেন, “আমি ৪০-৪৫ বছর ধরে রাষ্ট্রীয় আন্দোলনের সঙ্গে যুক্ত। আগে জাতীয়তাবাদী বুক স্টল করতে গেলে আমাদের একটি বাঁশ পর্যন্ত পুঁততে দেওয়া হতো না। আজ তারাই এসব কথা বলছে।”
বামেদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, “সারা দুনিয়া থেকে যখন মানুষ বামপন্থীদের ছুড়ে ফেলে দিয়েছে, তখন আমরা কেন তাঁদের মিউজিয়ামে জায়গা দেব? ওদের প্রতি আমার কোনো মায়া-মমতা নেই।”
এদিন ‘অতি প্রগতিশীল’ বামমনস্কদেরও নিশানা করেন তিনি। সবশেষে অত্যন্ত কঠোর ভাষায় দিলীপ ঘোষ বলেন, “যাঁদের প্রতি মানুষের কোনো সমর্থন নেই, তাঁদের এ রাজ্যে জায়গা নেই। যেখানে জায়গা আছে, সেখানে অর্থাৎ বাংলাদেশে চলে যাক।”