নয়া পে কমিশনের আওতায় কোন কোন বিশ্ববিদ্যালয়? নবান্নের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি!

 

রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। সম্প্রতি নবান্নের অর্থ দফতরের অডিট শাখার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরা সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতাভুক্ত হবেন।

রাজ্যপালের সম্মতিক্রমে এই নির্দেশিকা জারি করেছেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মোট ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা এই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো— কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, রানিগঞ্জ বিশ্ববিদ্যালয়, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস এবং আলিয়া বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি রাজ্যের তিনটি শিক্ষা বোর্ডের নিয়মিত কর্মীদেরও এই কমিশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বোর্ডগুলি হলো— পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এই তিনটি বোর্ডের নিয়মিত কর্মীদের বেতন কাঠামো এবং চাকরির শর্তাবলি নতুন বেতন কমিশনের নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *