ইরানের বিস্ফোরক দাবি, ট্রাম্পের সব কথাই কি মিথ্যে?
ইউরেনিয়াম হস্তান্তরের চুক্তি নিয়ে ট্রাম্প ও ইরানের পরস্পরবিরোধী অবস্থান
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান ছয় সপ্তাহের উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান তাদের মজুত ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে এবং উভয় দেশ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি জানান, এই চুক্তি সম্পন্ন হলে দুই দেশের সংঘাতের অবসান ঘটবে এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো সম্ভব হবে। ট্রাম্পের দাবি, সাম্প্রতিক আলোচনায় ইরান আগের তুলনায় বেশ নমনীয় মনোভাব দেখাচ্ছে এবং চুক্তিটি বাস্তবায়িত হলে তিনি ইসলামাবাদ সফরে যাওয়ার কথাও বিবেচনা করবেন।
তবে ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, আমেরিকার কাছে পারমাণবিক উপাদান হস্তান্তরের বিষয়ে কোনো ধরনের আলোচনা বা চুক্তি হয়নি। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, পারমাণবিক উপকরণের মতো মূল বিষয়গুলোতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি এবং চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো থেকে উভয় দেশ এখনও অনেক দূরে রয়েছে।