নতুন শ্রম আইনে সুখবর! আপনার গ্র্যাচুইটি বাড়ছে, কিন্তু বড় শর্তটি জানেন কি?
ভারতের নতুন শ্রম আইনে গ্র্যাচুইটি গণনার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত এই নিয়ম অনুযায়ী, এখন থেকে গ্র্যাচুইটি গণনায় মূল বেতন (বেসিক পে) ও মহার্ঘ ভাতার (ডিএ) পাশাপাশি অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত করা হবে। নতুন এই কাঠামোর ফলে কর্মীরা আগের তুলনায় বেশি গ্র্যাচুইটি পাওয়ার সুবিধা পাবেন। তবে আয়কর বিধি এখনো পুরনো নিয়মে অর্থাৎ শুধুমাত্র মূল বেতন ও ডিএ-র ভিত্তিতে কর ছাড় প্রদান করায়, বাড়তি গ্র্যাচুইটির একটি অংশ কর্মীর করযোগ্য আয়ের আওতায় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ১৯৭২ সালের ‘পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট’-এ বেতনের সংজ্ঞা সীমিত থাকায় নিয়োগকর্তারা বিভিন্ন ভাতার মাধ্যমে বেতন কাঠামো সাজিয়ে গ্র্যাচুইটির দায় কমাতে পারতেন। নতুন আইনে ভাতার ওপর ৫০ শতাংশের নিয়ম কার্যকর হওয়ায় গ্র্যাচুইটি গণনার ভিত্তি প্রসারিত হয়েছে এবং এতে এ খাতে অর্থ প্রদানের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে বর্তমান শ্রম আইন এবং প্রচলিত আয়কর বিধির মধ্যে অসামঞ্জস্য থাকায়, কর্মীরা বেশি গ্র্যাচুইটি পেলেও তার ওপর বাড়তি কর প্রদানের চাপের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।