দীপান্বিতা অমাবস্যায় তারাপীঠে মা তারার শ্যামারূপ বন্দনা! শোল পোড়া ও পাঁঠার মাংসের ভোগে জমজমাট মহাসমারোহ

দীপান্বিতা অমাবস্যায় নিজস্ব ধর্মীয় পরম্পরা মেনে বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে মা তারার শিলামূর্তিকে শ্যামারূপে বন্দনা করা হচ্ছে। ভোর চারটেয় পুজোর প্রস্তুতি শুরু হওয়ার পর মহাস্নানের মাধ্যমে রাজবেশে মঙ্গল আরতি সম্পন্ন হয়। এবছর পুণ্যার্থীদের ভিড় কিছুটা কম থাকলেও রাজ্য ও ভিনরাজ্যের বহু ভক্ত মায়ের দর্শনে হাজির হয়েছেন। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে অমাবস্যার এই বিশেষ তিথিতে সারারাত মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ও সন্ধ্যায় ভাত, পোলাও, পাঁচ রকম ভাজা, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া ও মিষ্টিসহ নানা এলাহি ভোগের আয়োজন করা হয়েছে।

রাত দশটা থেকে তন্ত্রমতে বিশেষ নিশিপুজো ও আরাধনা শুরু হয়েছে, যার জন্য মা তারাকে সুবর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে। তবে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবারে মন্দিরে বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে; যার মধ্যে গর্ভে গিয়ে মা তারাকে স্পর্শ করে পুজো দেওয়া, আলতা নিয়ে প্রবেশ এবং নির্দিষ্ট জায়গার বাইরে নারকেল ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মন্দির চত্বরে সুরা প্রবেশেও কড়াকড়ি রাখা হয়েছে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বরে কুড়িজন প্রাক্তন সেনাকর্মীসহ পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা মোতায়েন রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *