রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে এনকাউন্টার, পুলিশের গুলিতে খতম অভিযুক্ত দিলীপ রায়

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাংলা-বিহার সীমান্তে পুলিশের গুলিতে নিহত হয়েছে নাবালিকা ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত দিলীপ রায়। গত মঙ্গলবার পাশের বাড়ির এক বারো বছরের নাবালিকাকে কুলিক নদী দেখানোর নাম করে বাড়ি থেকে বের করে নিয়ে যায় অভিযুক্ত। এরপর গত বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গল থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল দিলীপ, যার আদি বাড়ি ঝাড়খণ্ডে। ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল সে।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালীপুজোর রাতে বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন পাড়ারপুকুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিলীপ গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়, যাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে অভিযুক্ত। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত দিলীপ রায় সম্পর্কে ওই নাবালিকার জেঠু বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *