পাঁচ দিনেই চম্পট ‘ডুয়ার্স রানি’! খাঁচা ভেঙে ফের চত্বর ছাড়ল বক্সার বাঘিনি, ঘুম উড়ল বনকর্মীদের

সবাইকে চকিত করে ফের লোহার এনক্লোজার ভেঙে বেরিয়ে গেল বক্সারের আলোচিত বাঘিনি। রবিবার দুপুরে ২৭ মাইলের দিকে চলে যাওয়া এই বাঘিনির সঠিক অবস্থান রাত পর্যন্ত জানা না যাওয়ায় জঙ্গলজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে বাতিল করা হয়েছে সমস্ত বনকর্মীর ছুটি। এর আগে গত ৩ নভেম্বর কোকরাঝাড়ের কাছ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে বক্সায় ফিরিয়ে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এনক্লোজার থেকে বেরোনোর সময় তার গলায় থাকা রেডিও কলার ক্ষতিগ্রস্ত হওয়ায় অবস্থান জানতে প্রযুক্তিগত সমস্যা হচ্ছে।

বাঘিনির পুনরায় লাপাত্তা হওয়ার ঘটনায় বনকর্তারা স্পষ্ট করে কিছু জানাতে চাননি। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমার জানান বিষয়টি নিয়ে বনমন্ত্রীই বলবেন, অন্যদিকে বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানান যে আধিকারিকরা বিষয়টি দেখছেন। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে কাবু করার পর ৩০ সেপ্টেম্বর বাঘিনিটিকে বক্সার এনক্লোজারে আনা হয়। এরপর ৪ অক্টোবর একবার বেরিয়ে অসমের রাইমোনা বনাঞ্চল পর্যন্ত পৌঁছয় সে। মাত্র পাঁচ দিন এনক্লোজারে থাকার পর ফের তার পলায়নে বক্সার বনকর্মীদের রাতের ঘুম উড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *