হোয়াটসঅ্যাপে নতুন সুরক্ষা ফিচার, এবার পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৬.৪৫.৬-এ নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ পাঠানোর সুবিধা রোল আউট করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাধারণ ব্যবহারকারীরাও এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
এই ফিচারটি ব্যবহারের জন্য চ্যাট উইন্ডোতে মেসেজ টাইপ করার পর সেন্ড বাটনে দীর্ঘক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর ‘ভিউ ওয়ান্স’ অপশনটি নির্বাচন করে মেসেজ পাঠাতে হবে। এই পদ্ধতিতে পাঠানো মেসেজ প্রাপক কপি, সেভ, শেয়ার বা ফরওয়ার্ড করতে পারবেন না। নিরাপত্তার খাতিরে মেসেজটি খোলার পর স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করার সুযোগও থাকবে না।
প্রাপক মেসেজটিতে ক্লিক করলে তা একটি আলাদা ইন্টারফেসে খুলবে এবং একবার বন্ধ করে দিলে উভয় প্রান্ত থেকেই তা চিরতরে মুছে যাবে। মেসেজটি দেখার পর ‘ওপেনড’ হিসেবে চিহ্নিত হবে এবং প্রেরক রিড রিসিপ্ট চালু থাকলে তা দেখতে পাবেন। তবে এই মেসেজগুলো আগে থেকে শিডিউল করে রাখার কোনো সুযোগ থাকছে না। বিটা ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে এই নতুন সুবিধাটি পরীক্ষা করে দেখতে পারেন।