ছুটির আমেজে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু ভাজা মশলা মাটন

উৎসবের মরসুম শেষ হলেও ভোজনরসিক বাঙালির পাতে মাংসের পদ থাকলে মন্দ হয় না। হালকা শীতের আমেজে বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলা যায় সুস্বাদু ভাজা মশলা মাটন। এই বিশেষ পদটি তৈরির জন্য প্রয়োজন ৫০০ গ্রাম পাঁঠার মাংস, দুটি পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, একটি টমেটো কুচি এবং তিন টেবিল চামচ টক দই। মশলার মধ্যে লাগবে হলুদ ও লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে, মেথি, বড় ও ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি এবং শুকনো লঙ্কা।

রান্নার শুরুতে মাংস ভালো করে পরিষ্কার করে তাতে দই, নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে অন্তত ৪০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এরপর জিরে, ধনে, মেথি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ ও শুকনো লঙ্কা হালকা আঁচে ভেজে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর টমেটো কুচি, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন।

মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণমতো নুন ও জল দিয়ে সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা ছড়িয়ে দিন। সবশেষে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিন। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু ভাজা মশলা মাটন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *