বাংলায় পদ্ম ফোটানো কেউ আটকাতে পারবে না!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে প্রচারের পারদ চড়াতে ১৮ এপ্রিল কলকাতায় পৌঁছান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এদিন কামারহাটি ও খড়গপুর সদরে আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি যথাক্রমে অরূপ চৌধুরী এবং দিলীপ ঘোষের সমর্থনে ভোট প্রচার করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, দীর্ঘদিনের বাম ও তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্য উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়েছে এবং রাজ্যের সাধারণ মানুষ বর্তমানের কুশাসন থেকে মুক্তি পেতে উন্মুখ হয়ে আছেন।
নিজের বক্তব্যে মোহন যাদব রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বেকারত্ব, দারিদ্র্য এবং সাধারণ মানুষের ভিন রাজ্যে কাজের সন্ধানে যাওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে তিনি মোদী সরকারের ‘ডাবল ইঞ্জিন’ মডেলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি, অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন তিনি। খড়গপুর সদরের রোড শো-তে মানুষের অংশগ্রহণ দেখে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে জানান, রাজ্যে শান্তি ফেরাতে বিজেপি বদ্ধপরিকর এবং এবার বাংলায় পদ্ম ফোটানো কেউ রুখতে পারবে না।