মধ্যপ্রদেশের অমানবিক দৃশ্য, জ্বলন্ত রোদে নগ্ন অবস্থায় উদ্ধার কঙ্কালসার নারী!
মধ্যপ্রদেশের তীব্র দাবদাহের মধ্যে একটি জনমানবহীন বাড়ির ছাদ থেকে ৪০ বছর বয়সী সীমা সোনি নামের এক নারীকে কঙ্কালসার ও প্রায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে প্রশাসন। নারী ও শিশু কল্যাণ বিভাগ এবং পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় ওই নারী প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় কর্মকর্তাদের কাছে খাবারের আকুতি জানান। অভিযোগ রয়েছে, গত চার থেকে পাঁচ মাস ধরে তাঁকে খোলা ছাদে অবহেলায় ফেলে রাখা হয়েছিল।
দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাব এবং রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় ওই নারীর শরীর অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সীমার স্বামী অজিত সোনির দাবি, মানসিক অসুস্থতার কারণে এবং বাড়িতে নির্মাণকাজ চলায় তাঁকে ছাদে রাখা হয়েছিল। তবে প্রশাসনের কর্মকর্তারা এই দাবিকে অমানবিক ও নিষ্ঠুরতা হিসেবে চিহ্নিত করে ঘটনার তদন্ত শুরু করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রেখেছেন।