কালীঘাটে মমতার নিরাপত্তা কি শুধুই লোক দেখানো!

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার রাতে লালবাজারের নির্দেশে তাঁর বাড়ি থেকে ২০ জন নিরাপত্তারক্ষীকে আচমকা প্রত্যাহার করে নেওয়া হয়। তাঁদের পরিবর্তে মাত্র ৩ জন নতুন নিরাপত্তারক্ষীকে পাঠানো হলেও, তারা অপরিচিত হওয়ায় দায়িত্বে গ্রহণ করা হয়নি। ফলে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই হাই-প্রোফাইল বাসভবন বর্তমানে কার্যত নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ এই পদক্ষেপের তীব্র নিন্দা করে একে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি বলে অভিহিত করেছেন এবং গভীর রাতে নেওয়া এই সিদ্ধান্তের ফলে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রীদের লক্ষ্য করে ধারাবাহিক ‘ডিম হামলা’র ঘটনার প্রেক্ষিতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সম্মুখে ‘ভিউ কাটার’ বসানো হয়েছে। পুলিশের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর উক্ত এলাকায় টানটান উত্তেজনা দেখা দিয়েছে এবং নেত্রীকে সুরক্ষা দিতে তাঁর বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকরা ভিড় করতে শুরু করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেও একইভাবে নিরাপত্তা সরিয়ে নেওয়ার ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই এই সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাত ও অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *