তারাতলা বিপর্যয়ে প্রাণ হারালেন মামা-ভাগ্নে, শহরজুড়ে শোকের ছায়া!
কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। শনিবার দুপুরে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় খালেক সর্দার নামে এক শ্রমিকের মৃত্যু হয়। গত বুধবার গোডাউনটির ছাদ ভেঙে পড়ার সময় গুরুতর জখম হয়েছিলেন তিনি। দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষপর্যন্ত তিনি প্রাণ হারালেন। এর আগে ওই একই দুর্ঘটনায় খালকের দশম শ্রেণিতে পড়ুয়া ভাগ্নে সাহিল সর্দারের মৃত্যু হয়েছিল।
দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর বাসিন্দা সাহিল গরমের ছুটিতে মামাবাড়িতে বেড়াতে এসে মামার সঙ্গে ওই নির্মাণস্থলে গিয়েছিল। কিন্তু ছাদে ওঠার পরপরই চাঙড় ভেঙে ওই প্রাণহানির ঘটনা ঘটে। খালেক সর্দারের মৃত্যুতে তাঁর স্ত্রী ও দুই সন্তান এখন চরম অর্থনৈতিক ও মানসিক অনিশ্চয়তার মুখে। বিপর্যয়ের পর শনিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এবং প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু। প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ওপর জোর দেওয়া হলেও, এখনও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে এই বিপর্যয়ের নেপথ্যে নির্মাণস্থলের দুর্বল কাঠামো ও পর্যাপ্ত সুরক্ষার অভাবকেই দায়ী করা হচ্ছে।