দখলমুক্ত হবে শিয়ালদহ ও সুকান্ত সেতু, পুরসভার এক সপ্তাহের আল্টিমেটাম!
অবৈধ দখল সরাতে শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুর ব্যবসায়ীদের ৭ দিনের সময়সীমা দিল পুরসভা
অবৈধ নির্মাণ ও জবরদখল উচ্ছেদে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। শিয়ালদহ ফ্লাইওভার এবং সুকান্ত সেতুর নিচে গড়ে ওঠা বেআইনি দোকান ও নির্মাণ সরিয়ে ফেলার জন্য ব্যবসায়ীদের সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শনিবার পুরসভার পক্ষ থেকে জারি করা নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন (১৯৮০)-এর বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার এই নির্দেশের আওতায় শিয়ালদহ বিদ্যাপতি সেতুর নিচের বিশাল বাজার এবং সুলেখা থেকে গোপালনগর পর্যন্ত বিস্তৃত সুকান্ত সেতুর নিচে গড়ে ওঠা হকার্স মার্কেট রয়েছে।
শহরজুড়ে অবৈধ নির্মাণ উচ্ছেদে বর্তমানে ধারাবাহিক ‘বুলডোজার অ্যাকশন’ চালাচ্ছে প্রশাসন। ইতিপূর্বে তপসিয়া, কসবা, পার্ক সার্কাস এবং হাওড়া-দমদম স্টেশন সংলগ্ন এলাকায় বেআইনি দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি, ঢাকুরিয়া থেকে যাদবপুর স্টেশন সংলগ্ন বিশাল বস্তি এলাকা খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই এলাকায় প্রায় ১৫-১৬ হাজার মানুষ অবৈধভাবে ঝুপড়ি ও দোতলা বাড়ি তৈরি করে বসবাস করছিলেন, যা বর্তমানে প্রশাসনের সরাসরি নজরদারিতে রয়েছে।