বিশ্বকাপে ট্রাম্পের রহস্যময় অনুপস্থিতি! ফাইনালেই কি চমক দেবেন প্রেসিডেন্ট?
যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের অর্ধেক পথ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচেই সশরীরে দেখা মেলেনি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাধারণত বড় ধরনের ক্রীড়া ইভেন্টে আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়মিত উপস্থিতি দেখা গেলেও, ট্রাম্পের এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। তবে ফিফা জানিয়েছে, আগামী ১৯শে জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের উপস্থিত থাকার এবং ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে।
প্রেসিডেন্টের এই অনুপস্থিতির কারণ হিসেবে তার ঘনিষ্ঠ মহল ব্যস্ত সময়সূচিকে দায়ী করেছে। তারা জানিয়েছেন, বিশ্বকাপের উদ্বোধনের সময় ফ্রান্সে জি৭ সম্মেলন ও ইরানের সঙ্গে শান্তি চুক্তির মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন প্রেসিডেন্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে এনবিএ ফাইনালে গিয়ে দর্শকদের বিদ্রুপের মুখে পড়ার অভিজ্ঞতা থেকে তিনি কিছুটা সতর্ক অবস্থানে থাকতে পারেন। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ট্রাম্প নাটকীয়তা পছন্দ করেন এবং ফাইনালের আগেই যেকোনো ম্যাচে তিনি হঠাৎ উপস্থিত হয়ে চমক দিতে পারেন।