বারুইপুর কাণ্ডে বড় পদক্ষেপ, গ্রেপ্তার ২!
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রেল অবরোধ, ট্রেন চলাচলে বাধা এবং রেলের সম্পত্তি নষ্টের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। শুক্রবার ধৃতদের শিয়ালদহ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে বারুইপুর জিআরপি। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে এ পর্যন্ত মোট চারটি মামলা দায়ের হয়েছে। মূল ধর্ষণ ও খুনের মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে।
বিক্ষোভের সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও রেল অবরোধের ঘটনায় রাজ্যজুড়ে ধরপাকড় অব্যাহত রয়েছে। সরকারি সম্পত্তি নষ্টের বিরুদ্ধে কড়া বার্তার পর পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে এবং বৃহস্পতিবার রাতে গণপিটুনি ও হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করার লক্ষ্যে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্করপ্রসাদ বাড়ুই।