মাদ্রাসায় বিদেশি ফান্ডের খেলা, তৃণমূল নেতার বাড়িতে হানা দিল ইউপি এটিএস!

মাদ্রাসা নির্মাণের নামে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে স্থানীয় তৃণমূল নেতা আবদুল্লা গাজির বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (UP ATS)। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় রামেশ্বরপুরে ওই নেতার বাড়িতে এই মেগা তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে উত্তরপ্রদেশ এটিএস-কে পূর্ণ সহযোগিতা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। হাসনাবাদের পাশাপাশি হাড়োয়াসহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায় একযোগে এই তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, মাদ্রাসা তৈরির নাম করে আবদুল্লা গাজির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে কোটি কোটি টাকা জমা হয়েছে। এই অর্থের উৎস কী এবং তা কোনো বেআইনি কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে অন্য একটি মামলায় এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল ইউপি এটিএস। সেই মামলার তদন্তের সূত্র ধরেই বিদেশি ফান্ড সংক্রান্ত এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকলেও তদন্তের স্বার্থে উত্তরপ্রদেশ এটিএস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *