কাটমানি রুখতে নবান্নের ৪ হেল্পলাইন, প্রথম দিনেই জমা পড়ল ২ হাজার অভিযোগ!
রাজ্যে দুর্নীতি, তোলাবাজি ও সিন্ডিকেটরাজ রুখতে নজিরবিহীন উদ্যোগ নিল রাজ্য সরকার। অবৈধ মদের কারবার, কাটমানি এবং বেআইনি টোল আদায়ের মতো অপরাধের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে চারটি নতুন টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হলো—কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেটের জন্য ১৫৫৩৩৫, বেআইনি টোল আদায়ের জন্য ১৫৫৩৩৭ এবং অবৈধ মদের ব্যবসার জন্য ১৫৫৩৩৯। পরিষেবা চালুর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই নবান্নের কন্ট্রোল রুমে প্রায় ২০০০টি ফোন কল জমা পড়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ জানানো যাবে।
ভবানীভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই হেল্পলাইন পরিষেবার উদ্বোধন করেন। প্রথম দিনে জমা পড়া অভিযোগের সিংহভাগই ছিল কাটমানি ও সিন্ডিকেট সংক্রান্ত, পাশাপাশি রাস্তাঘাট, নিকাশি সমস্যা ও সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার মতো দৈনন্দিন ভোগান্তির কথাও সাধারণ মানুষ জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কলের অডিও রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য তা সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে। এছাড়া, কোনো ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা মেটাতে মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ এবং তার সমাধানের বিস্তারিত রিপোর্ট নিয়মিত মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে।