বিদেশের মাটিতে বাংলার জয়জয়কার, টেমসের তীরে বসছে গঙ্গা আরতির আসর!

বার্তা ডেস্কঃ

বারাণসী ও হরিদ্বারের চেনা আধ্যাত্মিক আবহ এবার বিলেতের মাটিতে। ‘চিন্ময় মিশন ইউকে’ এবং ‘টোটালি টেমস’-এর যৌথ উদ্যোগে আগামী ১৩ সেপ্টেম্বর লন্ডনের গ্রিনিচ শহরের ওল্ড রয়্যাল নেভাল কলেজে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী ‘গঙ্গা আরতি’। ভারতীয় সংস্কৃতির এই অনন্য ছোঁয়া দেখতে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা ও প্রবাসী ভারতীয়রা। দিনভর নানা আয়োজনের পর রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে এই বিশেষ আরতি। শঙ্খধ্বনি ও প্রদীপের আলোয় মুখরিত হবে টেমসের তীর।

প্রধান এই আকর্ষণ ছাড়াও অনুষ্ঠানে থাকবে ভারতীয় খাবার, গান, নাচ এবং শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে এই অনুষ্ঠানে সাধারণ মানুষ অংশ নিতে পারবেন, তবে তার জন্য আগে থেকে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। এদিকে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের তরফ থেকে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নদীর জল দূষণ রোধ করতে আরতির সময়ে টেমসের জলে কোনো রকম ফুল বা পুজোর সামগ্রী ভাসানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় সংস্কৃতির এই মহোৎসব সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *