অপারেশন সিঁদুরের পর নতুন মোড়! পাকিস্তানকে আমন্ত্রণে দিল্লি তোলপাড়?
বার্তা ডেস্কঃ
আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তীতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর দু’দেশের সম্পর্কে তীব্র টানাপড়েন তৈরি হয়েছিল। এই উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের সংস্কৃতিমন্ত্রী ঔরঙ্গজেব খানকে ভারত আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। তবে কেবল পাকিস্তান নয়, এসসিও-র সমস্ত সদস্য রাষ্ট্রকেই এই বহুপাক্ষিক উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি বৃহত্তর আঞ্চলিক ফ্রেমওয়ার্কের অংশ এবং এর সাথে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের সরাসরি কোনো যোগ নেই। নয়াদিল্লি বারবার বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্ট করেছে এবং সীমান্তপারের সন্ত্রাসে মদত দেওয়ার জন্য ইসলামাবাদকে কাঠগড়ায় তুলেছে। যদিও ভারতের এই কূটনৈতিক পদক্ষেপে পাকিস্তানের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি, তবে দিল্লির এই হাইভোল্টেজ বৈঠকে শেষ পর্যন্ত পাকিস্তানের প্রতিনিধি উপস্থিত থাকেন কি না, সেদিকেই এখন সবার নজর।