নেতানিয়াহুর ভাগ্য এখন আরব দলের হাতেই?
বার্তা ডেস্কঃ
ইজ়রায়েলে দীর্ঘদিনের রাজনীতির সমীকরণ বদলে গিয়ে কি এ বার সরকার গঠনের চাবিকাঠি চলে যাবে আরব দলগুলির হাতে? ব্যাপক ভোটদানের পর গণনা শুরু হতেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজ়েনকটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র স্পষ্ট হচ্ছে। মোট ১২০ আসনের নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ৬১। তবে এখনও পর্যন্ত প্রায় ৭০ শতাংশ ভোটগণনায় নেতানিয়াহুর লিকুদ জোট ৫৪টি আসনে এগিয়ে থাকলেও জয়ের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে কিছুটা দূরে আটকে রয়েছে। বিপরীতে আইজ়েনকটের নেতৃত্বাধীন জোটও ৪৯টি আসন পেয়ে কড়া টক্কর দিচ্ছে।
দুই মেরুর এই তীব্র লড়াইয়ের মাঝে ১৭ থেকে ১৮টি আসনে এগিয়ে থেকে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে উঠে এসেছে ঐতিহাসিক ভাবে অবহেলিত আরব দলগুলি। কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট কাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্দিষ্ট মেয়াদের মধ্যে প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হলে দেশটিতে ফের নির্বাচনের আশঙ্কাও তৈরি হতে পারে। ফলে বিশ্ব রাজনীতির নজর এখন তেল আভিভের চূড়ান্ত ফলাফলের দিকেই আটকে রয়েছে।