১৮ ঘণ্টা কাজের পরেও ছেলের জন্য সময়, ভিকির সঙ্গে রোম্যান্স কি তবে শেষ! মুখ খুললেন ক্যাটরিনা
বার্তা ডেস্কঃ
সন্তান বিহানের জন্মের পর বদলে গেছে বলিউড তারকা ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তাঁর স্বামী ভিকি অত্যন্ত দায়িত্বশীল একজন বাবা। টানা ১৪ থেকে ১৮ ঘণ্টা দীর্ঘ শুটিং সেরে বাড়ি ফিরলেও ক্লান্তিকে পাশে সরিয়ে তিনি ছেলে বিহান ও সংসারের দিকেই পুরো মনোযোগ দেন। তবে সন্তানকে সামলাতে গিয়ে এখন আর আগের মতো দুজনে মিলে সিনেমা দেখা বা একান্তে খাওয়াদাওয়া করার মতো রোম্যান্টিক সুযোগ পাচ্ছেন না তারা। যদিও ভিকি সবসময় তাকে সান্ত্বনা দিয়ে মনে করিয়ে দেন যে সময় হলে সব আবার স্বাভাবিক হয়ে যাবে।
অন্যদিকে, মা হওয়ার পর শরীরের গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখোমুখি হওয়া প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি স্পষ্টভাবে জানান, সন্তান জন্মদানের পর একজন নারীর শরীরের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক এবং মানুষের মতামত নিয়ে তিনি আর ভাবছেন না। ২০২৪ সালে ‘মেরি ক্রিসমাস’ ছবির পর বড় পর্দায় নতুন কোনও কাজ না থাকলেও ক্যাটরিনা আপাতত নিজের ব্যবসা ও পরিবারকেই অগ্রাধিকার দিচ্ছেন। তবে ভবিষ্যতে নতুন চরিত্রে ফেরার সুযোগ এলে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন।