‘ভোটাধিকার কাড়া যাবে না!’ ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬ নাগরিকের নাম পুনর্বহালের কড়া নির্দেশ হাইকোর্টের

ঠিকানা সংশোধনের আবেদন সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় গোয়া প্রশাসনের বিরুদ্ধে বড় রায় দিয়েছে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। উত্তর গোয়ার সান্টা ক্রুজ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা পরেশ সালগাঁওকর ও তাঁর পরিবারের পাঁচ সদস্য দীর্ঘ দিন ধরে ভোট দিয়ে এলেও, নতুন ঠিকানায় স্থানান্তরিত হওয়ার পর ফর্ম ৮ জমা দেওয়া সত্ত্বেও তাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশনের সফটওয়্যার ও কারিগরি জটিলতার দোহাই দেওয়াকে নাগরিকের মৌলিক ভোটাধিকার হরণ বলে পর্যবেক্ষণ করে বিচারপতি বাল্মীকি মেনিজেস ও বিচারপতি অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ।

আদালত নির্বাচন কমিশনকে (ECI) আগামী ১০ দিনের মধ্যে স্থানান্তরিত ঠিকানা যাচাই করে তাঁদের নাম তালিকায় পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছে। কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়ার সুবিধার্থে রায়ে স্থগিতাদেশ চাওয়ার আবেদনও সরাসরি নাকচ করেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টে বিচারাধীন বৃহত্তর ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ (SIR) মামলার থেকে এই বিষয়টি সম্পূর্ণ আলাদা উল্লেখ করে হাইকোর্ট সাফ জানিয়েছে, নাগরিকদের মৌলিক ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *