‘আশা করি আবহাওয়া উপভোগ করছেন!’ দূষণ ইস্যুতে ধনীদের বিলাসবহুল গাড়ি ও যানজট নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলের ভয়াবহ বায়ুদূষণ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুক্রবার শুনানির শুরুতে প্রধান বিচারপতি হালকা চালে মন্তব্য করেন, ‘আশা করি আপনারা সবাই দিল্লির এই আবহাওয়া উপভোগ করছেন!’ তবে অ্যামিকাস কিউরি অপরাজিতা সিং জানান, বাতাসের মান এখনও ‘মারাত্মক’ এবং এখানে শ্বাস নেওয়া দিনে ৩০টি সিগারেট খাওয়ার সমান। তিনি স্পষ্ট করেন, যান চলাচলই দূষণের প্রধান উৎস এবং খড় পোড়ানো মোট দূষণের ১৪ শতাংশ।
দূষণের জন্য শুধু কৃষকদের খড় পোড়ানোকে দায়ী করার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। অভিজাত শ্রেণির একাধিক বিলাসবহুল গাড়ি ও রাস্তায় অতিরিক্ত যানজট পরিস্থিতি জটিল করছে কিনা, তা খতিয়ে দেখার কথা বলা হয়। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি দূষণ নিয়ন্ত্রণে বিধিনিষেধের কথা জানালেও, কেবল নির্দেশ জারি করে সমাধান হবে না বলে স্মরণ করিয়ে দেয় আদালত। খড় সংগ্রহের ন্যায্য দাম ঘোষণা, আবর্জনা পোড়ানো বন্ধে স্থানীয় স্তরে কঠোর পদক্ষেপ এবং প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে সুপ্রিম কোর্ট।