দল ভাঙার গুঞ্জন ওড়ালেন ফারুক আবদুল্লা, ১৭ ‘বিদ্রোহী’ বিধায়কের সঙ্গে বৈঠকের পর ঐক্যবদ্ধ থাকার বার্তা
জম্মু-কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্সে (এনসি) ভাঙনের জল্পনা উড়িয়ে দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করলেন সভাপতি ফারুক আবদুল্লা। সম্প্রতি মন্ত্রিসভা পুনর্গঠন ও দপ্তর পুনর্বণ্টনের পর অসন্তোষ প্রকাশ করে গত ২৭ অক্টোবর ১৭ জন বিধায়ক আলাদা বৈঠক ও প্রস্তাব পেশ করলে দলে বিবাদের গুঞ্জন ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার শ্রীনগরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও অসন্তুষ্ট বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন ফারুক। বৈঠক শেষে তিনি জানান, ভাঙনের খবর ভিত্তিহীন এবং বিধায়কদের উত্থাপিত সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
সাংবাদিক বৈঠকে দলের বিদ্রোহী সুর তোলা মোবারক গুল ও নাজির গুজেরিককে পাশে নিয়েই ফারুক ঘোষণা করেন, রাজ্যের মর্যাদা এবং ৩৭০ ও ৩৫এ ধারা পুনরুদ্ধারের লড়াই জারি থাকবে। মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা নেতারাও ফারুকের আস্বাসের পর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। মোবারক গুল স্পষ্ট জানান, তাঁরা নেতৃত্বের সঙ্গেই রয়েছেন। এর মাধ্যমে ওমরের উপদেষ্টা অপসারণ ও দপ্তর পুনর্বণ্টনের দাবি ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনায় আপাতত সাময়িক বিরতি ঘটল।