ভাইফোঁটার আগেই বৃষ্টির চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কড়া সতর্কতা!
ভাইফোঁটার দিনেও বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দপ্তর নিজস্ব প্রতিবেদক, কলকাতা: উৎসবের মরসুমেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাইফোঁটার দিনেও রাজ্যবাসীর জন্য থাকছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। কলকাতার ক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই সময়ে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। আগামী ২৪ ঘণ্টা রাজ্যজুড়ে তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।