বোমাতঙ্কের হুমকি উপেক্ষা করেই ভক্তদের মাঝে অমিতাভ!

 

ভক্তদের সামনে সশরীরে অমিতাভ বচ্চন, চিঠি লিখতে না পারায় চাইলেন ক্ষমা

নিজস্ব প্রতিবেদক: প্রথা ভেঙে এবার ভক্তদের সরাসরি দেখা দিলেন অমিতাভ বচ্চন। এতদিন ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করার সময় নিরাপত্তার খাতিরে কাঁচের দেওয়াল বা বাধার প্রাচীর থাকলেও, এবার তা ছাড়াই অনুরাগীদের মুখোমুখি হলেন এই মহাতারকা। তবে ভক্তদের সামনে এসে তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ক্ষমাও চেয়ে নেন।

মূলত দীপাবলি উপলক্ষে দেশ-বিদেশ থেকে পাঠানো ভক্তদের উপহারের উত্তর দিতে না পারায় এই ক্ষমাপ্রার্থনা। অমিতাভ জানান, উৎসবের মরসুমে ভক্তরা বিপুল উপহার পাঠিয়েছেন, যা তাঁর সংগ্রহের জায়গা ছাড়িয়ে গেছে। অভিনেতার কথায়, “কারোর পাঠানো উপহার অযত্নে ফেলে রাখার অর্থ প্রেরককে অপমান করা।” তাই প্রত্যেক ভক্তকে নিজের হাতে চিঠি লিখে ধন্যবাদ জানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।

এ প্রসঙ্গে অভিনেতা জানান, দীর্ঘদিন ধরে হাতের প্রচণ্ড যন্ত্রণায় ভুগছেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কলম ধরাও তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। চিঠি লিখে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেরি হওয়ায় ভক্তদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন।

চিকিৎসকরা অমিতাভ বচ্চনকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এর মধ্যেই গত শুক্রবার অমিতাভের বাসভবন ‘জলসা’ সহ মুম্বইয়ের একাধিক স্থানে বোমা হামলার হুমকি আসে। যদিও পুলিশি তদন্তে বিষয়টি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত এসব অস্থির পরিস্থিতির মাঝেও ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করে অমিতাভ বচ্চন তাদের চমকে দিয়েছেন। সূত্র অনুযায়ী, অনুরাগীদের প্রতি তাঁর এই দায়বদ্ধতা ও ভালোবাসা বরাবরের মতোই অটুট রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *