ইন্দোনেশিয়ার হাতে আটক চিন থেকে বাংলাদেশে আসা জাহাজ, উদ্ধার হলো ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ ও সিম কার্ড

চিন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাচ্ছিল কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের একটি জাহাজ। গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনী মাঝসমুদ্রে সেটিকে আটক করেছে। উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলের কাছে জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ইন্দোনেশিয়ার টহলদারি জাহাজ এই পদক্ষেপ নেয়। ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই অভিযানের কথা জানানো হয়েছে।

জাহাজটিতে তল্লাশি চালিয়ে মোট ৩৬টি কন্টেনার পাওয়া যায়। এর মধ্যে ১৫টি কন্টেনারে প্রায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ছিল। এই রাসায়নিকটি রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর দাবি অনুযায়ী, উদ্ধার হওয়া এই রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ প্রস্তুত করা সম্ভব। এছাড়াও, জাহাজটিতে লক্ষ লক্ষ অনিবন্ধিত ব্ল্যাঙ্ক ৪জি এলটিই সিম কার্ড পাওয়া গিয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি নির্ধারিত পথের বাইরে জ্বালানি নেওয়ার অজুহাতে বেলাওয়ান জলসীমায় থামলে তারা সেটিকে ঘিরে ফেলে। অভিযোগ উঠেছে যে, জাহাজটি রেডিও যোগাযোগের কোনো উত্তর দেয়নি এবং এর নথিপত্র ও রেজিস্ট্রেশনেও অসঙ্গতি দেখা গেছে। এই বিপুল পরিমাণ রাসায়নিক ও সিম কার্ড বাংলাদেশের কোন সংস্থা বা ব্যক্তির কাছে পাঠানো হচ্ছিল, তা জানতে ইন্দোনেশিয়ার নৌবাহিনী তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত আমদানিকারক বা চূড়ান্ত প্রাপকের পরিচয় প্রকাশ করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *