বিসলেরির পানীয় জলে ক্ষতিকারক ব্রোমেট, আইনি পদক্ষেপের অনুমতি দিল FSSAI
ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (FSSAI) বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে। পরীক্ষাগারে দ্বিতীয়বার পরীক্ষার পরেও সংস্থার প্যাকেটজাত পানীয় জলের নমুনা অনিরাপদ বলে শনাক্ত হওয়ার পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬-এর নিয়ম লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। FSSAI-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার জন্য সংগৃহীত বিসলেরির প্যাকেটজাত পানীয় জলের নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার বাইরে পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ব্রোমেট এমন একটি উপাদান যা মানুষের শরীরে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণেই নমুনাটিকে আইন অনুযায়ী অনিরাপদ বলে ঘোষণা করা হয়েছে।
তবে বিসলেরির ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানীয় জল এই পরীক্ষায় অনিরাপদ বলে গণ্য হয়েছে, তা খাদ্য নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। বিসলেরির মতো একটি নামী সংস্থার পানীয় জলে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি মেলায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।